জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাবি উপাচার্যের বিশেষ বার্তা

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬ , ১০:৪৪ এএম


জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাবি উপাচার্যের বিশেষ বার্তা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম । ছবি: আরটিভি

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ দেশবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া এক লিখিত বার্তায় তিনি বলেন, ৫ আগস্ট বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র-শ্রমিক-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ২০২৪ সালে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এই ঐতিহাসিক সংগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও গর্বের সঙ্গে অংশ নিয়েছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে সংশ্লিষ্ট সবাইকে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

উপাচার্য বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। দেশকে স্বৈরাচারমুক্ত করতে যাঁরা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন, তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি আহত জুলাইযোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করে তাঁদের অবদানের প্রতিও গভীর শ্রদ্ধা জানান।

আরও পড়ুন

বার্তায় তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, ভোটাধিকার হরণ এবং অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাই ছিল এ আন্দোলনের মূল লক্ষ্য। একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ফ্যাসিবাদের মূলোৎপাটন এবং জুলাইয়ের চেতনার বাস্তবায়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র একটি ব্যাপক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। এসব সংস্কারের মাধ্যমে গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে এবং প্রকৃত গণতান্ত্রিক উত্তরণের মাধ্যমে ন্যায় ও সাম্যভিত্তিক নতুন বাংলাদেশ গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।


আরটিভি/জেএমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission